ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মালিতে ভয়াবহ বোমা হামলায় জাতিসংঘের ৭ শান্তিরক্ষী নিহত

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে ভয়াবহ বোমা হামলায় জাতিসংঘের সাত শান্তিরক্ষীর প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন শান্তিরক্ষাকারী বাহিনীর আরও তিন সদস্য। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির মধ্যাঞ্চলীয় এলাকায় সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।


প্রতিবেদনে বলা হয়, বুধবার জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয় মালির দোউয়েন্তজা শহর থেকে সিভারে শহরে যাচ্ছিল। পথিমধ্যে মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছালে তাদের কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে।


এতে জাতিসংঘের সাত শান্তিরক্ষী প্রাণ হারান এবং আরও তিনজন মারাত্মকভাবে আহত হন। আল-জাজিরার প্রতিবেদক বলছেন, মালির ওই এলাকাতে সশস্ত্র সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো ভীষণই সক্রিয় রয়েছে। অবশ্য তাৎক্ষণিকভাবে কোনো দল ওই আক্রমণের দায় স্বীকার করেনি।


বিশ্লেষকদের মতে, আফ্রিকা মহাদেশের অন্যতম বৃহৎ রাষ্ট্র মালি খুবই দরিদ্র। ফ্রান্সের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী গেল ৯ বছর যাবত দেশটিকে স্থিতিশীল করার চেষ্টা করলেও অভ্যন্তরীণ সহিংসতা মোকাবিলায় মালি এখনো কার্যত সংগ্রাম করে যাচ্ছে।


সংকটময় এমন পরিস্থিতিতে পশ্চিম আফ্রিকার দেশটিতে শান্তি ফেরানোর দায়িত্ব গ্রহণ করে জাতিসংঘ। আফ্রিকার এই দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনটি ‘মিনুজমা’ নামে পরিচিত। গুরুত্বপূর্ণ সেই মিশনের আওতায় মালিতে বর্তমানে ১৩ হাজারেরও অধিক শান্তিরক্ষী মোতায়েন রয়েছে।


মালির উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীদের সহিংসতা ও সংঘাত বন্ধের লক্ষ্যেই কাজ করছেন শান্তিরক্ষীরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দায়িত্ব পালন করতে গিয়ে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২৩০ জনের অধিক শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন বাহিনীর অনেক সদস্য।


এর আগে চলতি বছরের অক্টোবর মাসে সন্ত্রাসীদের আক্রমণে মালিতে এক শান্তিরক্ষী প্রাণ হারিয়েছিলেন। একইভাবে চলতি বছরের এপ্রিল মাসে দেশটির উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় শাদের চার শান্তিরক্ষী মৃত্যুবরণ করেন। এরপর গেল জুন মাসে ওই একই অঞ্চলে গাড়ি বোমা হামলায় আহত হন জাতিসংঘের আরও ১৩ শান্তিরক্ষী।

ads
ads
ads

Our Facebook Page

↑